 মিষ্টিজাত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 মিষ্টিজাত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মালাই কুলফি

উপকরণ: মিল্কভিটা দুধ ২ লিটার, চিনি ৩০০ গ্রাম, এলাচ ৭/৮টি, দারুচিনি ৪/৫টি, তেজপাতা ২টি, মাওয়া ২০০ গ্রাম।
 

প্রস্তুত প্রণালি: দুধ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে জ্বাল করে যখন দুধের পরিমাণ অর্ধেক হবে, তখন চিনি ও মাওয়া গ্রেট করে মিশিয়ে দিতে হবে। হাল্কা আঁচে দুধ ভালোমতো জ্বাল দিতে হবে। দুধ যখন ঘন হয়ে যাবে তখন তা ছেঁকে নিতে হবে। এর পর দুধ কুলফির গ্গ্নাসে ঢালতে হবে। দুধ ঠাণ্ডা হলে ডিপফ্রিজে রাখতে হবে কুলফি জমার জন্য। কুলফি জমানোর জন্য অন্তত ১২ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে।

তালের হাপুস


উপকরণ: তালের গোলা ৪ কাপ, চালের গুঁড়া ২ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, খেজুরের গুড় ২ কাপ, চিনি ২ টেবিল চামচ, লবণ সামান্য, ডিম ২টি, ময়দা ১ কাপ, নারকেল কোরানো ১ কাপ, ঘি আধা কাপ, এলাচ গুঁড়া সিকি চা চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, বেকিং পাউডার ৩ চা চামচ, পেস্তাবাদাম কুচি ১ টেবিল চামচ, কলাপাতা বেশ কয়েকটি ধুয়ে-মুছে আগুনে সেঁকে তেল মাখিয়ে নিতে হবে।
 

প্রণালি: তালের গোলা তৈরি করে ছয়-সাত ঘণ্টা গরম স্থানে ঢেকে রেখে দিতে হবে। চালের গুঁড়া শুকনা খোলায় একটু টেলে নিতে হবে। ঠান্ডা হলে এর সঙ্গে ময়দা, বেকিং পাউডার ও গুঁড়া দুধ মিশিয়ে চেলে নিতে হবে। ডিম, চিনি ও ঘি একসঙ্গে ফেটিয়ে পরে তাতে তালের গোলা, গুড়, চালের গুঁড়ার মিশ্রণ, নারকেল কোরো, এলাচ গুঁড়া, লবণ ইত্যাদি অল্প অল্প করে একসঙ্গে মিশিয়ে রাখতে হবে। কলাপাতা বিছানো একটা পাত্রে এবার মিশ্রণটি ঢেলে দিতে হবে।
১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৫০-৫৫ মিনিট বেক করতে হবে। ভেতরের মিশ্রণ ঘন হয়ে এলে পাত্রটি বের করে মাঝখানে কাঠি দিয়ে দেখে নিতে হবে এবং পেস্তাবাদাম কুচি ওপরে ছড়িয়ে দিতে হবে। বেশ ঘন হয়ে গেলে ওপরে বাকি কলাপাতা বিছিয়ে কিছু জ্বলন্ত কাঠ-কয়লার আগুন দিয়ে ১৫-২০ মিনিট অল্প আঁচে চুলার ওপর রাখতে হবে। মিষ্টি সুঘ্রাণ বের হলে তালের হাপুস তৈরি হয়ে গেছে বুঝতে হবে।
ঠান্ডা হলে টুকরা করে পরিবেশন করতে হবে।

তালের পুডিং


উপকরণ: মুরগির ডিম ৫টি, দুধ এক লিটার, চিনি ১০-১২ টেবিল চামচ। তালের ঘন গোলা আধা কাপ, গুঁড়া দুধ ৩-৪ কাপ, মিল্ক ফ্লেভার সামান্য।
 

প্রণালি: দুধ জ্বাল দিয়ে ঘন করে আধা লিটার করে নিতে হবে। তালের গোলা জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। মোল্ডে ৬ টেবিল চামচ চিনি ও ২ টেবিল চামচ পানি দিয়ে ওভেনে ক্যারামেল করতে হবে। অথবা চুলায় ক্যারামেল করে মোল্ডে ঢেলে নিন।
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে মোল্ডে ঢালতে হবে। ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৩৫-৪০ মিনিট বেক করতে হবে অথবা এক থেকে দেড় ঘণ্টা চুলায় ভাপে সেদ্ধ করতে হবে।
পুডিং পরিবেশন পাত্রে ঢেলে পেস্তাবাদাম কুচি, চেরি দিয়ে সাজিয়ে রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা পুডিং পরিবেশন করতে হবে।

তালের ক্রিম জাম

উপকরণ: গুঁড়া দুধ ১ কাপ, ময়দা সিকি কাপ, বেকিং পাউডার আধ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, তালের ঘন গোলা (মাখানোর জন্য) পরিমাণমতো, তেল (ভাজার জন্য) পরিমাণমতো, ক্রিম বা মালাই আধ কাপ।
সিরার উপকরণ: চিনি ৩ কাপ, পানি ৩ কাপ, দুধ ২ টেবিল চামচ।
 

প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে তালের গোলা দিয়ে মাখিয়ে কালো জামের মতো আকার করে নিতে হবে। তেল গরম করে কালো জাম ডুবোতেলে অল্প আঁচে ভাজতে হবে।
সিরার জন্য চিনি ও পানি একসঙ্গে জ্বাল দিয়ে তাতে দুধ দিয়ে সিরার ময়লা কাটিয়ে নিন। সিরায় কালোজাম দিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিতে হবে। কালোজাম সিরা থেকে তুলে ঠান্ডা করে তার মাঝখানে চিরে ক্রিম বা মালাই লাগিয়ে পরিবেশন করতে হবে।

বাঁধাকপি পায়েস




উপকরণ: বড় বাঁধাকপি ১টি, দুধ ২ কেজি, গুঁড়া দুধ ২ কাপ, খেজুরের গুড় আধা কেজি, চিনি ১ কাপ, চালের গুঁড়া ১ কাপ, ছোট এলাচ ৪টি, দারচিনি ২ টুকরা, পেস্তাবাদাম, কিশমিশ, গোলাপজল।
প্রণালি: বাঁধাকপির ভেতরের সাদা অংশ কুচি কুচি করে কেটে নিন। এগুলো একটি পাত্রে অল্প সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। এবার একটি পাত্রে দুধ, চালের গুঁড়া, এলাচ, দারচিনি, পেস্তাবাদাম, পানি ঝরানো কপি দিয়ে অল্প আঁচে নাড়ুন। আলাদা একটি পাত্রে গুড় অল্প পানি দিয়ে আঁচে রাখুন। পায়েস আঠালো হয়ে এলে নামানোর আগে গুড়ের পানি (রস) মিশিয়ে দিন। দুধ না ফাটার জন্য এই ব্যবস্থা। চুলা থেকে নামিয়ে কিশমিশ, পেস্তাবাদাম দিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

রঙিন সেমাই

উপকরণ: লাচ্ছা সেমাই ২ কাপ, সুজি ১ কাপ, চিনি ৩ কাপ, ঘি ৮ টেবিল-চামচ, পেস্তাবাদাম ইচ্ছামতো, কিশমিশ প্রয়োজনমতো, দুধ ২ লিটার, দারুচিনি ও এলাচি ৪-৫ টুকরা, লাল ও সবুজ ফুড কালার পরিমাণমতো।
প্রণালি: দারুচিনি ও এলাচি দিয়ে দুধ জ্বাল দিয়ে তাতে ২ কাপ চিনি মিলিয়ে আরেকটু ঘন করতে হবে। এরপর দুধ দুই ভাগে ভাগ করে এক ভাগের সঙ্গে লাল ফুড কালার এবং অন্য ভাগের সঙ্গে সবুজ ফুড কালার মেশাতে হবে। লাচ্ছা সেমাই ৬ টেবিল চামচ ঘিতে হালকা বাদামি করে ভাজতে হবে। এরপর অর্ধেক সেমাই সবুজ ফুড কালার মেশানো দুধে ও বাকিটা লাল ফুড কালার মেশানো দুধে ভেজাতে হবে। সুজি ২ টেবিল চামচ ঘিতে হালকা ভেজে তাতে এক কাপ চিনি মিশিয়ে আরেকটু ভেজে নামিয়ে ফেলতে হবে। এরপর কেক বানানোর মোল্ডে প্রথমে সবুজ ফুড কালার মেশানো লাচ্ছা সেমাই, তারপর সাদা সুজি, তার ওপর লাল ফুড কালার মেশানো সেমাই বিছাতে হবে। রেফ্রিজারেটরে দুই ঘণ্টা রাখতে হবে সেট হওয়া জন্য। কিশমিশ ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে

RELISH RECIPEZ Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template for Bie Blogger Template Vector by DaPino